ফুলবাড়ী সীমান্তে বিএসএফের অভিযোগে দুই বাংলাদেশির ঘর নির্মাণ স্থগিত

আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১২:২৪
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে ভারতীয় বিএসএফের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশি দুই নাগরিকের বাড়ি নির্মাণ কাজ স্থগিত করে দিয়েছে বিজিবি। গতকাল শুক্রবার বিকেলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটেলিয়নের বালারহাট ক্যাম্পের বিজিবি'র সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাজ স্থগিত করে দেন। এ ঘটনায় সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে।
 
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৫ এর পাশে বাংলাদেশি অংশে নো-ম্যান্স ল্যান্ডে মো. মফছার আলী এবং মো. নুর ইসলাম নিজ নিজ বাড়িতে ইটের তৈরি তিন ফুট উঁচু দেয়াল দিয়ে ঘর নির্মাণ কাজ শুরু করেন। এ খবর ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার বসকোটাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা জানতে পেরে বালারহাট ক্যাম্পের বিজিবি'র কাছে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে পাকা বাড়ি নির্মাণ কাজ বন্ধের দাবী জানায়। ফলে ভারতীয় বিএসএফের অভিযোগের ভিত্তিতে ওই বাড়ি দুইটির নির্মাণ কাজ স্থগিত করে দেয় বালাহাট ক্যাম্পের বিজিবি। এ ঘটনায় সীমান্তের আন্তর্জাতিক মেইন ৯৩৫ নম্বর এর সাব পিলারের ৫ এর পাশে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিজিবি ও বিএসএফ সদস্যরা পতাকা বৈঠকে অংশ নেয়। বৈঠকে বিজিবি'র পক্ষে বালারহাট বিওপি কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম এবং বসকোটাল বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর গোবেন্দ্র সিং নেতৃত্ব দেন। বৈঠকে ইটের পরিবর্তে টিনশেড ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিজিবি।
 
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটেলিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক বলেন, সীমান্ত আইন অনুযায়ী জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে পাকা স্থাপনা করার নিয়ম নেই। তাই টিনশেড ঘর করা যাবে। বিএসএফের অভিযোগের ভিত্তিতে পাকা স্থাপনার নির্মাণ বন্ধ করে টিনশেড ঘর তেরির নির্দেশ দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/এসএস