বদরগঞ্জে আরফিনা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৩:৪৭
রংপুরের বদরগঞ্জে আরফিনা বেগম হত্যা মামলার প্রধান আসামি স্বামী শরিফুল ইসলামকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার রামনাথপুর ইউপির টেক্সেরহাট হতে তাকে গ্রেফতার করা হয়।
 
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাধানগর ইউপির দফাদার পাড়ার আমির আলির মেয়ে আরফিনার সাথে একই ইউপির আরজি দিলালপুর উত্তরপাড়া গ্রামের আ. সালেমের ছেলে শরিফুল ইসলামের বিয়ে হয়। দু'জনেই ঢাকার এক গার্মেন্টসে চাকরি করতেন। গত ৯ এপ্রিল দাওয়াতের সুবাদে নানা শ্বশুর কাশেম ব্যাপারীর বাড়িতে আসেন। দাওয়াত শেষে দু'জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী শরিফুলের ওজন মাপক যন্ত্রের (বাটখারা) আঘাতে গুরুতর আহত হন আরফিনা। পরে আরফিনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
এ ঘটনায় আরফিনার বাবা আমির আলি বাদী হয়ে ১২ এপ্রিল বদরগঞ্জ থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান হত্যা মামলার আসামি শরিফুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/এসএস