নওগাঁর মান্দায় কালি পূজার একটি মেলায় অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলার পারশিমলা গ্রামে শুক্রবার রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মলয় সরকার (২৬) ও তাহের আলী (৩০)। মদপানে অসুস্থ হয়েছেন আরও ১০জন। এদের মধ্যে কুশকান্ত সরকারকে (২৪) উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই গ্রামে কালি পূজা উপলক্ষে বুধবার মণ্ডপ চত্বরে দিনব্যাপি মেলার আয়োজন করা হয়। এ মেলাকে ঘিরে মণ্ডপ সংলগ্ন পূর্বধারে ভুট্টা খেতে মদপানের আসর বসে।
আসরের প্রধান হোতা ছিলেন ওই গ্রামের ওসমান গণির ছেলে ওষুধ ব্যবসায়ী আব্দুল মান্নান। স্থানীয় ১২-১৩জন যুবক গভীর রাত পর্যন্ত সেখানে মদপান করেন বলে স্থানীয়দের অভিযোগ।
অতিরিক্ত মদপানে ওই গ্রামের মলয় কুমার সরকার (২৬), কুশকান্ত সরকার (২৪) সঞ্জয় কুমার (২৫), ফুলবর রহমান (২৮), আজাদ হোসেন (৩০), সায়েদ আলী (৩০), রতন কুমার (৩২), গৌতম কুমার (২৭) ও গোবিন্দ চন্দ্র (৪০), আবিদ্যপাড়া গ্রামের তাহের আলী (২৮) এবং নহলা কালুপাড়া গ্রামের এজাদুর রহমান (২৮) অসুস্থ হয়ে পড়েন।
এদের মধ্যে মলয় সরকার শুক্রবার ভোরে মারা যান। শুক্রবার বিকেলে তাহের আলী গুরুতর অসুস্থ হয়ে পড়লে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১টার দিকে মারা যান। মৃত তাহের আলীকে শনিবার বেলা ১১টার দিকে দাফন ও মলয় সরকারকে শুক্রবার বেলা ১০ টার দিকে দাহ করা হয়েছে।
এদিকে কুশকান্ত সরকার গুরুতর অসুস্থ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা চলছে বলে জানা গেছে।
স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের অভিযোগ, ফতেপুর ও পারশিমলা বাজারের কতিপয় অসাধু ব্যক্তি ওষুধ ব্যবসার আড়ালে রেক্টিফাইড স্পিরিট দেদারচ্ছে বিক্রি করে আসছে। পুলিশ এ এলাকায় তেমন কোন অভিযান পরিচালনা করে না ।
মান্দা থানার পুলিশ কমর্কতা (ওসি) আনিছুর রহমান বলেছেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান বলেছেন, অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু ও অসুস্থদের বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
