মোংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত একটি বিদেশী জাহাজে হেলাল (৩২) নামে এক শ্রমিকের মর্মাান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় জাহাজে থাকা সার খালাস করার সময় সলিংয়ের (পণ্য ওঠা-নামা) বস্তা নীচে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তার এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাহাজে থাকা সুপারভাইজার আবুল কাসেম। তিনি জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হেলালকে মোংলায় হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে ট্রলারেই তার মৃত্যু হয়।
শ্রমিকরা জানায়, মোংলা বন্দরের হারবাড়িয়ায় গত ১৮ এপ্রিল আমদানিকৃত ১৭ হাজার ১শ’মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে পশুর চ্যানেলের ৭নং হারবাড়িয়া বহিঃনোঙ্গরে ভেড়ে বিদেশী জাহাজ ‘এমভি আতাকাম’। স্থানীয় লোকাল এজেন্ট সামুন্ডা’র অনুকুলে আসা এ সার খালাসে শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান মেসার্স খালিদ ব্রাদার্সকে নিয়োগ করা হয়। প্রতিষ্ঠানের শ্রমিকরা ছোট লাইটারে বস্তা ভর্তি সার সলিংয়ের সাহায্যে খালাস করে আসছিল।
সোমবার বিকালের পালায় যাওয়া শ্রমিকেরা কাজ শুরুর পর সন্ধ্যা ৭টার দিকে সলিং থেকে একটি সারের বস্তা ছিটকে নীচে থাকা হেলালের মাথায় আঘাত হানে।
শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান মেসার্স খালিদ ব্রাদার্সের স্থানীয় ম্যানেজার শহিদুল ইসলাম জানান, নদীর উত্তাল ঢেউ ও বৈরি আবহাওয়ার মধ্যেও মৃত শ্রমিকের মরদেহ যতদ্রুত সম্ভব তারা জাহাজ থেকে নিয়ে আসার চেষ্ট করা হচ্ছে। রাতেই মরদেহবাহী ট্রলার মোংলা শ্রমিক জেটিতে আনা হবে। আর এখান থেকে প্রাথমিক প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মৃত হেলাল পৌর শহরের বালুরমাঠ এলাকার নূর মিস্ত্রী’র পূত্র বলে জানা গেছে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন। তবে মৃত শ্রমিকের মরদেহ মোংলার লোকালয় আসার পর পুরো ঘটনা নিশ্চিত হওয়া যাবে। এরপর পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও তিনি জানান।
ইত্তেফাক/নূহু
