ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সিডস্টোরে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আরও একজন বেড়েছে। তাই এই ঘটনায় এখন নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪-এ। এতে আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার সকাল প্রায় ৮টার দিকে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতদের ৩ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটী গ্রামের গার্মেন্ট শ্রমিক ফারুক। মে দিবসের ছুটিতে তিনি বাড়ি ফিরছিলেন। নিহত অপর দুজন হলেন- ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেন এর তোফায়েল ও দুর্ঘটনা কবলিত বাসের হেলপার রুবেল। নিহত এক মহিলার পরিচয় জানা যায়নি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রুবেল নামে ওই বাস হেলপার মারা যায়।
ইত্তেফাক/কেআই
