কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ সদস্যদের রাবার বুলেটে এক বাংলাদেশি স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানান গেছে, মঙ্গলবার সকালে উপজেলার গোরকমণ্ডল উচাঁটারী সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯২৯ এর সাব পিলার ৫-এর পাশে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শিমুলবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের ও ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার অধীনে ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ ক্যাম্পের এসি সুশীল কুমার। পতাকা বৈঠক শুরু হয় সকাল ৯টা ৫ মিনিট এবং শেষ হয় ৯টা ৩০ মিনিটে। পতাকা বৈঠকে বাংলাদেশি স্কুলছাত্রকে রাবার বুলেটে আহত করার তীব্র প্রতিবাদ জানানো হয়। এ সময় ভারতের নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুশীল কুমার নিজেদের দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং এ রকম ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, গত সোমবার বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ঘাস সংগ্রহ করতে গিয়ে বিএসএফের রাবার বুলেটে রাসেল মিয়া (১৪) নামে এক বাংলাদেশি স্কুলছাত্র গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। রাসেল মিয়া উপজেলার সীমান্তবর্তি বালাতারী গ্রামের আব্দুল হানিফের ছেলে ও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
ইত্তেফাক/ইউবি
