সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২ এবং আহত হয়েছে আরও ৩ জন। মঙ্গলবার দুপুরে পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে মোল্লাপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কৃষক আব্দুর রশিদ (৪৫) বজ্রপাতে নিহত হয়েছেন। উপজেলার ফেনারবাক ইউনিয়নের খুঁজারগাঁও গ্রামের সামনের হাওরে মঙ্গলবার দুপুরে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
এদিকে মঙ্গলবার দুপুর ১২টায় বাড়ির সামনের হাওরে কাজ করা অবস্থায় বজ্রপাতের ঘটনায় কমলা কান্ত তালুকদার (৬০) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় কমলা কান্তের ছেলে প্রিন্স তালুকদার (২০) এবং আরেক ছেলে খুঁজারগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সৈকত তালুকদার (১৫) গুরুতর আহত হয়। এই দুজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং এ ঘটনায় একই গ্রামের পান্ডব তালুকদারের ছেলে আহত জ্ঞান তালুকদারকে (৪৫) জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে,সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে একই সময়ে মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল হাসেমের ছেলে আব্দুর রশিদ (৪৫) বজ্রপাতে নিহত হয়েছেন। সুনামগঞ্জ সদর থানার ওসি শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। জামালগঞ্জের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান নিহতের সৎকারের জন্য ৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য আরো ৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।
ইত্তেফাক/কেআই
