ফেনী ব্রিজ হবে ভারত-বাংলাদেশের বাণিজ্যিক সেতুবন্ধন: বিপ্লব দেব

আপডেট : ০১ মে ২০১৮, ১৭:৩০
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছেন, ফেনী নদীর উপর নির্মাণাধীন ফেনী ব্রিজ হবে ভারত-বাংলাদেশ দুদেশের বাণিজ্যিক সেতুবন্ধন। ত্রিপুরা পাবে ৭০ কিলোমিটারের মধ্যে চট্টগ্রাম সামুদ্রিক বন্দর। এ বন্দর ব্যবহার করে ত্রিপুরাতে অর্ধেক খরচে পৌঁছে যাবে প্রয়োজনীয় সব সামগ্রী। ফেনী ব্রিজ দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সেতুবন্ধন রচনা করবে।
 
সোমবার সন্ধ্যায় রামগড়ে সাব্রুম স্থলবন্দর চালুর লক্ষ্যে ফেনী নদীর উপর নির্মাণাধীন মৈত্রী সেতু-১ এর নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেছেন।
 
তিনি আরো বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে ত্রিপুরাসহ সাতটি রাজ্যের সংযুক্তির ‘গেটওয়ে’ হিসেবে ব্যবহার হবে ফেনী ব্রিজ। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে ৪১২ মিটার দীর্ঘ এ ব্রিজটির নির্মাণকাজ শেষ করার সময়সীমা থাকলেও এরআগে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করতে আমি সংশিষ্টদের বলেছি।
 
ব্রিজ নির্মাণ কাজে নিযুক্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন বিপ্লব দেব। এসময় স্থানীয় এমএলএ শংকর রায়, এনএইচআইডিসিএলর জিএম মি সিং, ডিজিএম প্রদীপ ভুইয়া, দক্ষিণ ত্রিপুরা জেলা ও সাব্রুম মহকুমার পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি