জলদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ পুলিশসহ আহত ৭

আপডেট : ০১ মে ২০১৮, ১৯:১০
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ডিবির ওসিসহ ৫ পুলিশ ও ২ ডাকাত সদস্য আহত হয়েছে। 
 
মঙ্গলবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার গোমতী নদীর নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ২ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। 
 
অভিযানে অংশ নেয়া কুমিল্লা ডিবি এসআই মো. শাহ কামাল আকন্দ জানান, দীর্ঘ দিন ধরে দাউদকান্দিতে গোমতী নদী কেন্দ্রিক জলদস্যুদের একাধিক গ্রুপ সক্রিয় রয়েছে। ডাকাতরা নৌ-পথে চাঁদাবাজি, হামলা, মালামাল লুটসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মঙ্গলবার গোমতী নদীর দাউদকান্দি উপজেলার নন্দনপুর এলাকায় ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ডিবি ও থানা পুলিশের ৪টি টিম ডাকাতদের ঘিরে ফেলে। এতে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ডিবি ও থানা পুলিশ আত্মরক্ষার্থে ৪৪ রাউন্ড গুলি চালায়। ডাকাতদের আক্রমনে ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা, ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন, এসআই শাহ কামাল আকন্দ, এসআই সহিদুল ইসলাম ও কনস্টেবল মো.  কামাল উদ্দিন আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ১টি দেশিয় তৈরি এলজিসহ বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।  
 
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন জেলার দাউদকান্দি উপজেলার বাজরা গ্রামের রাজু মিয়ার ছেলে মহসিন (৩৭) এবং একই গ্রামের জলিল মিয়ার ছেলে রিপন (২৩)। আটককৃত আহত ডাকাতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 
 
ইত্তেফাক/ইউবি