টেকনাফ স্থলবন্দরে ৩০ হাজার ইয়াবাসহ আটক-২

আপডেট : ০১ মে ২০১৮, ২২:২২

কক্সবাজারের টেকনাফে হাইওয়ে পুলিশ ৩০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা একটি ট্রাক নিয়ে টেকনাফ স্থলবন্দর হতে শহরের দিকে যাচ্ছিল। তারা ইফতার পণ্য ছোলার ভেতরে লুকিয়ে ইয়াবা বহন করছিল। ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

আটক ইয়াবার দাম ৯০ লক্ষ টাকা। আটক দুজন হলো, চকরিয়া উত্তর হারবাংয়ের করমুহুরী পাড়ার মৃত আহমদ ছফার পুত্র নুরুল আলম (২২) ও মোঃ মহি উদ্দিন (২৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার সাড়ে ৭টায় টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের আইসি শফিকুল ইসলাম, এএসআই রাজুসহ বিশেষ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর ধৃত দুই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, এই ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/নূহু