রাণীনগরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

আপডেট : ০২ মে ২০১৮, ০৯:২১
নওগাঁর রাণীনগরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সেকেন্দার আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার কাশিমপুর ইউনিয়নের আলোপাড়া মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। সেকেন্দার আলী উপজেলার গোনা ইউনিয়নের গোনা উত্তর পাড়া গ্রামের মৃত আলীম উদ্দীনের ছেলে। 
 
জানা গেছে, মঙ্গলবার সেকেন্দার আলী হলুদ-মরিচ ভাঙানোর জন্য রাণীনগর-আত্রাই সড়কের আলোপাড়া মোড় নামক স্থানে যান। কাজ শেষে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সেকেন্দার আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান সেকেন্দার আলীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে