নিকলীতে বজ্রপাতে নিহত ১

আপডেট : ০২ মে ২০১৮, ১৪:১৫
কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে আলী আকবর (৩২) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় অন্য হাওরে আহত হন আরো এক কৃষি শ্রমিক ও এক শিশু। বুধবার দুপুরে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বলদা হাওর ও দামপাড়া ইউনিয়নের নবীনপুর হাওরে এ ঘটনা ঘটে।
 
নিহত আলী আকবর নিকলী উপজেলার শেখ নবীনপুর গ্রামের মৃত নিলু মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় কারপাশা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মলু মিয়ার ছেলে সাইকুল মিয়া (৪২) ও একই গ্রামের বকুল মিয়ার ছেলে টিটু মিয়াকে (১০) নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
গৌরীপুর গ্রামের বাসিন্দা কমলা বেগম জানান, দুপুরের দিকে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বলদা হাওর ও দামপাড়া ইউনিয়নের নবীনপুর হাওরে ধানের খলায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এক সময় বজ্রপাতে ঘটনাস্থলে আলী আকবর মারা যান। গুরুতর আহত দুইজনকে আশংকাজনক অবস্থায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করেন।
 
ইত্তেফাক/এমআই