বিসিক শিল্পাঞ্চলে ৩ লক্ষাধিক শ্রমিকের দুর্ভোগে

আপডেট : ০৩ মে ২০১৮, ১৪:৩৪
শিল্প সমৃদ্ধ নারায়ণগঞ্জের অর্থনৈতিক উন্নয়নের স্থান বিসিক শিল্পাঞ্চলের প্রায় তিন লক্ষাধিক শ্রমিকের দুর্ভোগ যেন দেখার মতো কেউ নেই বলে আক্ষেপ করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।
 
সামান্য বৃষ্টিতেই ময়লা পানিতে ডুবে যায় শিল্পাঞ্চল বেষ্টিত এই বৃহৎ এলাকা। যেই জলাবদ্ধতায় দিনে পর দিন চরম দুর্ভোগ পোহায় শ্রমিকরা। আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে বিসিক শিল্পনগরী এলাকা ঘুরে দেখা গেছে, দু’দিনে কালবৈশাখী ঝড়ে ময়লা পানিতে তলিয়ে গেছে গোটা এলাকা। ফলে অতীত অভিজ্ঞতার আলোকে সেই ময়লা পানি পেরিয়েই চলাচল করছে শ্রমিকরা। আর এতে পুরুষ শ্রমিকদের যতটা না দুর্ভোগ পোহাতে হচ্ছে, তার চেয়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে নারী শ্রমিকরা বলে দাবী করেছেন বেশ কয়েকজন শ্রমিক।
 
দীর্ঘদিন শ্রমিকরা এই জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহালেও তা থেকে পরিত্রাণে গার্মেন্টস মালিক কিংবা বিসিক শিল্প মালিক সমিতি কিংবা কোন শ্রমিক নেতা নিচ্ছে না কোন ব্যবস্থা। ফলে নিয়তির সাথে জলাবদ্ধতার দুর্ভোগকে একত্রিত করেই এখন এই সড়কে চলাচল করতে হচ্ছে বলে জানান, বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা। তবে গার্মেন্টস মালিক পক্ষের দাবী, গত ২৫ এপ্রিল বিসিক শিল্পনগরীর জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে বেদখল হওয়া সরকারি খাল পুনরুদ্ধারে সদর উপজেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। খাল পুনরুদ্ধার ও পয়নিষ্কাশন ব্যবস্থা সচল হলে বিসিক এরিয়া জলাবদ্ধ মুক্ত হবে।
 
ইত্তেফাক/এসএস