উপজেলার রামজীবন ইউনিয়নে কাটাজান খালে ব্রিজ না থাকায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।
রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের মধ্য দিয়ে কাটাজান খালটি প্রবাহিত। খালটির সংযোগ রাস্তা দিয়ে শোভাগঞ্জ, বেলকা, ছমিরের বাজার, ধুবনী কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র, ধুবনী বাজার,লাল চামার, পাঁচপীর এলাকার এবং গাইবান্ধা জেলা শহরসহ বিভাগীয় শহর রংপুর, নলডাঙ্গা রেল স্টেশন, কামারপাড়া ও বামনডাঙ্গা রেল স্টেশনে যাতায়াত করেন। খালের ওপর ব্রিজ না থাকায় ওইসব এলাকার মানুষকে ১০/১২ কিলোমিটার পথ ঘুরে উক্ত এলাকাসমূহে যাতায়াত করতে হয়।
সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:) ডাক্তার আব্দুল কাদের খান ২০০৯ সালে ব্যক্তিগত অর্থায়নে কাটাজান খালের ওপর একটি পাটাতন ব্রিজ নির্মাণ করেন। নির্মাণের এক বছরের মধ্যে খালের পানির তীব্র স্রোতে ব্রিজটির দুইপাশের মাটি সরে গিয়ে ব্রিজটি ভেঙে যায়।
স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খন্দকার পথচারীদের চলাচলের সুবিধার্থে গত বছর ব্রিজটির দুইপাশে বাঁশ পুঁতে কোনরকম চলাচলের ব্যবস্থা করে।
এ নিয়ে উপজেলা প্রকৌশলী আবুল মনছুরের সাথে কথা হলে তিনি জানান, দেশের চলমান যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হলেও কাটাজান খালের ওপর ব্রিজ না থাকায় ওই অঞ্চলের মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছেন।
ইত্তেফাক/নূহু
