ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজমপুর রেলওয়ে স্টেশনে যুবলীগ নেতার গুদাম থেকে ১০ কেজি গাজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে গাজাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ও আমোদাবাদ গ্রামের মৃত হামিদ ভূইয়ার পুত্র আতিক ভূইয়াকে আসামি করে থানায় মামলা দিয়েছে বিজিবি।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজমপুরে নতুন ষ্টেশন ভবন নির্মাণের কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে আতিক ভূইয়া কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আজমপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল তার গুদামে তল্লাশী চালিয়ে ১০ কেজি গাজা উদ্ধার করে। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
আজমপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলাম জানান, আজমপুর ষ্টেশনের ঠিকাদারী প্রতিষ্ঠানের একটি গুদাম থেকে ১০ কেজি গাজা উদ্ধার হয়েছে। ওই গুদামের মালিক আতিক ভূইয়াকে পলাতক আসামি করে থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত গাজা সোপর্দ করা হয়েছে।
এ ব্যপারে জানতে চাইলে আতিক ভূইয়া বলেন, গুদামটিতে নির্মাণ শ্রমিকদের যন্ত্রপাতি রাখা হয়। গুদাম খোলা পেয়ে কে বা কারা কখন গাজা রেখে গেছে বলতে পারছি না।
ইত্তেফাক/নূহু
