বগুড়ায় কার্গোর চাকায় পিষ্ট হয়ে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। নিহতের নাম জিল্লাল হোসেন (৫৫)। শহরতলির বাঘোপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত ভ্যান যাত্রী আয়েশা বেগমকে (৬০) স্থানীয় রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে বগুড়া ছেড়ে আসা রংপুরগামী একটি কার্গো (কাভার্ড ভ্যান) চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে ঢুকে রিকশা ভ্যানকে ধাক্কা দেয়। ভ্যানচালক বাঘোপাড়া উত্তরপাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে জিল্লাল হোসেন ও যাত্রী একই এলাকার মৃত আফজাল হোসেনের স্ত্রী আয়েশা বেগম মহাসড়কে ছিটকে পড়েন। তখন চালক জিল্লার হোসেনের মাথার ওপর দিয়ে কার্গো চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জিল্লারের মর্মান্তিক মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, কার্গো উল্টোপথে এসে ভ্যানকে চাপা দেওয়ায় বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে অন্তত আধাঘন্টা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা সেখানে ফ্লাইওভার নির্মাণের দাবিও জানায়। তবে পুলিশ বলেছে, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারের সময় মহাসড়কে ৫-৭ মিনিট যান চলাচল ব্যাহত হয়েছে, কেউ অবরোধ করেনি।
ইত্তেফাক/নূহু
