টেকনাফের বাহারছড়া উপকূলে ধানখোলায় ঘুমন্ত শিশুদের ওপর বন্য হাতির পদপিষ্ট ও আঘাতে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় দুই শিশু আহত হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে ইউনিয়নের শীলখালীর সোলতান আহমদের ধান মাড়াইয়ের খোলায় তার পুত্র শামসু উদ্দিন (১২), মোহাম্মদ মিয়ার পুত্র বেলাল (১১) ও মোস্তাক আহমদের পুত্র নুরুল আলম (১৪) ঘুমিয়ে পড়ে। ভোররাতে একটি বন্য হাতি ধান খোলায় এসে ঘুমন্ত শামসুকে পা চাপা দিলে ঘটনাস্থলেই শামসু মারা যায়। ঘুমন্ত অবস্থায় অপর দুই শিশুকে শুড় দিয়ে দূরে ছুঁড়ে মারে হাতি। এতে বেলাল ও রবি আলম গুরুতর আহত হয়।
আহত দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। নিহত শিশু শামসুদ্দিনকে সকাল ১১টারদিকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
বাহারছড়া তদন্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাশ, এই ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে পাহাড়ে খাদ্য সংকটের কারণে বন্য হাতি লোকালয়ে ছুটছে বলে মন্তব্য করেন।
ইত্তেফাক/নূহু
