চৌহালীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মারধরের অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযুক্ত নেতা যুবলীগ সাধারণ সম্পাদকের নাম মোল্লা বাবুল আক্তার। চেয়ারম্যান উমরপুর ইউনিয়নের আব্দুল মতিন মণ্ডল।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চাঁদার দাবিতে মোল্লা বাবুল আক্তারের নেতৃত্বে কয়েকজন আব্দুল মতিন মণ্ডলের কাছে যান। সে সময় তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়ে অবস্থান করছিলেন। মোল্লা বাবুলের দাবিক করা চাঁদা না দিতে চাওয়ায় তার ওপর হামলা করা হয়। বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হামলার শিকার আব্দুল মতিন মণ্ডল অভিযোগ করে বলেন, চৌহালী ডিগ্রী কলেজের ভবনে উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার দুপুরে অবস্থান করছিল। তখন তার কাছে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোল্লা বাবুল আক্তার ৪০ দিনের কর্মসুচি বাস্তবায়ন বিষয়ে ৫ লাখ টাকা দাবী ও স্থানীয় সাংসদ আব্দুল মজিদ মন্ডলের ব্যক্তিগতভাবে দেয়ার জন্য যাকাতের তালিকার ভাগ দাবী করে। তখন মতিন মন্ডল টাকা এবং যাকাতের তালিকার নামের ভাগ দিতে অস্বিকার করলে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়।
পরে যুবলীগ নেতা মোল্লা বাবুল আক্তার ১৫/২০ জন দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঐ অফিসে গিয়ে কর্মকর্তাদের সামনে মতিন চেয়ারম্যানের উপর চড়াও হয়ে তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে।
চেয়ারম্যান আব্দুল মতিন জানান, আমাকে চাঁদার টাকা ও এমপির যাকাতের ভাগের জন্য জুনিয়র যুবলীগের নেতা-কর্মীরা সন্ত্রাসীদের দিয়ে এভাবে অপমান ও মারধর করবে তা কখনো কল্পনা করিনি। আমি এর নিন্দা ও সন্ত্রাসীদের শাস্তি দাবী করছি।
প্রত্যক্ষদর্শী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারী ইঞ্জিঃ মামুন হোসেন জানান, অনাকাঙ্খিত ঘটনার পর আমরা অফিসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। তবে আমরা চাকুর করি বলে দেখেও অনেক কিছুই বলা যাবে না।
এদিকে চৌহালী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোল্লা বাবুল আক্তার জানান, মুলত চেয়ারম্যান মতিন মন্ডল নানা অসামাজিক কাজের সাথে জড়িত। দলীয় নেতাদের সাথে এ নিয়ে অফিসে বাক বিতন্ডা হচ্ছিল জেনে সবাইকে থামিয়ে দেই। তার কাছে কোন কিছু দাবী করা হয়নি।
উপজেলা পরিষদে এমন অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান জানান, সরকারী কাজে অফিসের বাইরে থাকার জন্য বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই। তবে ঘটনা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।
ইত্তেফাক/নূহু
