রাঙ্গুনিয়ায় যুবলীগের সাবেক নেতার দগ্ধ লাশ উদ্ধার

আপডেট : ০৪ মে ২০১৮, ১৬:২০
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবুল হাশেম ওরফে বাচা (৫০) নামে যুবলীগের সাবেক এক নেতার দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৭টার দিকে পৌরসভার ইছামতী ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
 
স্থানীয়রা জানান, সকালে ধোঁয়া দেখে তারা ওই বাড়িতে ঢুকে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত আবুল হাশেম রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন বলে জানান স্থানীয়রা।
 
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, হাশেমের শোবার ঘরে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়। কোনো জানালা না থাকায় ঘরে ধোঁয়া জমে ছিল। এতে আগুন লেগে তার পুরো শরীর পুড়ে যায়। ঘরের আসবাবপত্রও পুড়ে গেছে। স্ত্রী ও সন্তান বেড়াতে যাওয়ায় হাশেম ঘটনার রাতে একাই বাসায় ছিলেন বলে জানিয়েছেন ওসি।
 
ইত্তেফাক/এসএস