কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ০৪ মে ২০১৮, ১৬:১৮
সাতক্ষীরা শহরের জননী এন্টারপ্রাইজ নামের একটি কুরিয়ার সার্ভিসে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
 
আটককৃত মাদকব্যবসায়ীরা হলেন- সদর উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের আলীম সরদারের ছেলে আব্দুস সাত্তার, একই উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের আস্কার আলী গাজীর ছেলে নজরুল ইসলাম ও কুলআটি গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে সাগর।
 
সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানীচক্র সাতক্ষীরা শহরের জননী এন্টারপ্রাইজ নামক একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিটগাং হতে শাকিল এন্টারপ্রাইজ নামক একটি ভুয়া প্রষ্ঠিতানের নামে কৌশলে ইয়াবার একটি বড় চালান আনার চেষ্টা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মেরিনা আক্তারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
 
এ সময় সেখানে রক্ষিত একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ আব্দুস সাত্তারকে হাতে নাতে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক রাতে সদর উপজেলার ভোমরার লক্ষিদাড়ি এলাকা থেকে নজরুল ও কুলআটি এলাকা থেকে সাগরকে আটক করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি