কলার পাতা কাটতে গিয়ে বজ্রপাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আব্দুস সাত্তার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের খেলারআলগী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও নিহতের ছেলে জাহাঙ্গীর ইত্তেফাককে জানান, সাত্তার আজ দুপুরে বাড়ির অদূরে রাস্তার ধারে কলাপাতা কাটতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে তিনি দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী একটি আকাশমনি গাছের নিচে আশ্রয় নেন। সেই গাছেই বিকট শব্দে বজ্রপাত হয়। এতে সাত্তারের শরীরের একাংশ পুড়ে যায়। ঝড় থেমে গেলে জাহাঙ্গীর ও বাড়ির অন্য লোকজন তাকে খুঁজতে বের হলে সেই গাছের নিচে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ইত্তেফাক/ইউবি
