নিক্সন চৌধুরীর সঙ্গে হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের একাত্মতা

আপডেট : ০৪ মে ২০১৮, ১৮:১৯
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মৃধার নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের বৃহৎ অংশ ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। 
 
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ওই ইউনিয়নের চরশালিপুর পশ্চিম গ্রামে এক জাকজমকপূর্ণ যোগদান অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী নিক্সন চৌধুরীকে ফুলের মালা দিয়ে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। ওই দিন উক্ত ইউনিয়নের দুটি ওয়ার্ড ছাড়া বাকি ৭টি ওয়ার্ডের বিভিন্ন পদে থাকা নেতাকর্মীরা যোগ দেন। যোগদান করা ওয়ার্ড সভাপতিরা হলেন- ছাহের খন্দকার, রাশেদ ফকির, জমির খান, আফতাব ফকির, লালমিয়া ফকির এবং সাধারণ সম্পাদক পদে মোজাহার মোল্যা, বিল্লাল মোল্যা, মোবারেক মোল্যা ও বিল্লাল ফকির। এ ছাড়া থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মান্নান খানও নিক্সন চৌধুরীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। 
IMG0
এ সময় বক্তারা বলেন, আমরা নিক্সন চৌধুরীর উন্নয়নের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নেতৃত্ব পরিবর্তন করেছি মাত্র। তারা আগামী সংসদ নির্বাচনে নিক্সন চৌধুরীর সঙ্গে থেকে তাকে জয়ী করার  অঙ্গীকার ব্যক্ত করেন। 
 
এ সময় সদ্য যোগদানকৃত সকলকে ফুল দিয়ে বরণ করে নিয়ে নিক্সন চৌধুরী  বলেন, (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের) মানুষ আমাকে দোয়া ও ভালবাসা দিয়েছে। জনগণের উন্নয়নে কাজ করা আমার ঈমানী দায়িত্ব। আপনারা আমার সঙ্গে থাকলে ইনশাআল্লাহ্ ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনেকে আমি বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। 
 
একই দিন দুপুরে চরভদ্রাসন সদর বাজারে এক অনুষ্ঠানে উপজেলার মৎসজীবীরা নিক্সন চৌধুরীর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং আগামী জাতীয় নির্বাচনে তার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় সদরপুর ও চরভদ্রাসনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি