চলতি মৌসুম শেষ করেই ক্রিকেটকে বিদায় বলছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জনাথান ট্রট। এডবাস্টনে নিজ দল ওয়ারউইকশায়ার যখন মুখোমুখি ডার্বিশায়ারের ওই সময়ই নিজের অবসরের ঘোষণা দেন ট্রট।
তিনি বলেন, ‘চলতি মৌসুম শেষেই ক্রিকেটকে বিদায় বলার সিদ্বান্ত নিয়েছি। অবসর নিয়ে পরিবারের সাথে কথা বলেছি এবং আমার এমন সিদ্ধান্তে তারা অমত করেনি। ওয়ারউইকশায়ার একটি বিশেষ ক্লাব। এই ক্লাবের হয়ে সাফল্য নিয়ে অবসরে যেতে চাই আমি।’
ট্রটের অবসরের বিষয়ে ওয়ারউইকশায়ারের ডিরেক্টর এবং সাবেক ইংল্যান্ড স্পিনার অ্যাশলে গাইলস বলেন, ‘তার অবসরের সিদ্বান্তকে আমরা স্বাগত জানাই। তার প্রতি শুভ কামনা রইল। একুশ শতকে ইংল্যান্ড এবং ওয়ারউইকশায়ারের হয়ে খেলা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরা ট্রট।’
২০০৭ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক ঘটে ট্রটের। এরপর ২০০৯ সালে টেস্ট ও ওয়ানডে অভিষেক ঘটে তার। ২০১৫ সালে জাতীয় দল থেকে অবসর নেয়ার আগে ইংল্যান্ডের হয়ে ৫২ টেস্টে ৩৮৩৫ রান, ৬৮ ওয়ানডেতে ২৮১৯ রান ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচে ১৩৮ রান করেছেন ট্রট।
ইত্তেফাক/কেআই
