টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বনের ভেতর অবৈধভাবে স্থাপিত ছয়টি করাতকল উচ্ছেদ করেছে বন বিভাগ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে করাত কলগুলো উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল বিভাগীয় সহকারী বন সংরক্ষক (এসিএফ) সাজ্জাদুজ্জামান।
উচ্ছেদকৃত করাত কলগুলো হচ্ছে উপজেলার এমএমচালা বনবিটের মৌলভী বাজারের কাছে কালিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান জামাল মিয়ার একটি, নাকশালা গ্রামের লুৎফর রহমানের একটি, একই গ্রামের আবদুল কাদেরের একটি, আবাদি বাজারের আবদুর রউফের একটি, ফুটানি বাজারের ছামাদ উদ্দিনের একটি ও দেওদিঘী বাজারের সুরুয খানের একটি অবৈধ করাতকল।
এ সময় হতেয়া রেঞ্জ কর্মকর্তা খসরু আলম, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আতাউল মজিদ, বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা ফজলুল হকসহ বিভিন্ন বনবিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল বিভাগীয় সহকারী বন সংরক্ষক (এসিএফ) সাজ্জাদুজ্জামান ইত্তেফাককে জানান, সংরক্ষিত বনাঞ্চলের ১০কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনের বিধান না থাকলেও সখীপুরে বিট কর্মকর্তার কার্যালয়, বনের ভেতর ও আশপাশে অসংখ্য করাতকল গড়ে উঠেছে। এ কারণে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রাস্কফোর্স গঠন করে এ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদ অভিযানের খবর পেয়ে অন্য করাতকল মালিকরা তাদের অবৈধ কলগুলো খুলে নিয়ে গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ইত্তেফাক/নূহু
