গাজীপুরে নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

আপডেট : ০৫ মে ২০১৮, ১৪:২১
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।আজ শনিবার সকালে শহরের শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় মিলনায়তনে নির্বাচন কমিশন কর্তৃক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল। পরে নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান।
 
রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, এ প্রশিক্ষণে প্রতি মেয়র প্রার্থীর পক্ষে চারজন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর পক্ষে দুই জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলদের পক্ষ থেকে একজন করে মোট ৪৫০জন নির্বাচনী ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়া হয়। তিনি আরো জানান, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোন নির্বাচনের পূর্বে নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
 
তিনি জানান, নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্রের বুথ কক্ষে পোলিং এজেন্টরা প্রার্থীর প্রতীক সংবলিত কোন ব্যাজ লাগাতে পারবে না। তারা নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত পরিচয়পত্র লাগতে পারবেন। এছাড়া প্রার্থীর পোলিং এজেন্টদের চেনার জন্য মেয়র প্রার্থীদের পোলিং এজেন্টগণ সাদা রংয়ের ব্যান্ড, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের পোলিং এজেন্টগণ গোলাপি রঙয়ের ব্যান্ড এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের পোলিং এজেন্টগণের বাহুতে সবুজ রংয়ের ব্যান্ড লাগানো থাকবে।
 
ইত্তেফাক/এসএস