গুরুদাসপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৪ ব্যবসায়ী আহত

আপডেট : ০৫ মে ২০১৮, ১৯:১২
পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চার ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে এ ঘটনা ঘটে। 
 
আহতের মধ্যে সুমন (২৬) ও সিজানের (১৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই ব্যবসায়ী মিছিল সওদাগর (২৩) ও ইমান সওদাগর (২২) গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সুমন, মিছিল ও ইমান সওদাগরের বাড়ি পৌর সদরের খলিফাপাড়া গ্রামে। সিজানের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলায়। 
 
স্থানীয় অপু সওদাগর জানান, শুক্রবার রাতে তাড়াশের কুন্দইল মেলা থেকে ফেরার সময় আহত ইমান সওদাগরদের সঙ্গে চাঁচকৈড় খামারনাচকৈড় মহল্লার আব্দুর রশিদের ছেলে জাহিদের হাতাহাতি হয়।  এ ঘটনার জের ধরে শনিবার হামলার ঘটনা ঘটে। 
 
ইমান সওদাগর জানান, শনিবার সকাল ১০টার দিকে তিনি চাঁচকৈড় হাটের বেদে পট্টির নিজেদের কসমেটিকসের দোকান শরিফ স্টোরে বেচাকেনা করছিলেন। তখন জাহিদ নাইম, মেহেদী, অনিকসহ ৮-১০ জন তাকে দোকানের ভেতর থেকে টেনে বাইরে এনে ছুরিকাঘাত করে। এ সময় মিছিল এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়।
 
ব্যবসায়ী বিদ্যুৎ সওদাগর জানান, সিজান তার ফুফাতো ভাই। ঘটনার সময় সিজান বাজারের রাহা স্টোরে সুমনের সঙ্গে কাজ করছিল। ইমান আর মিছিলকে মারার পর তারা পাশের রাহা স্টোরে ঢুকে সুমন ও সিজানের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় সুমন ও সিজান মাটিতে লুটিয়ে পরে। তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সুমন ও সিজানকে রাজশাহী রেফার্ড করা হয়েছে।  
 
গুরুদাসপুর থানার এস আই শহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ কারণে তাদের গ্রেফতার করা যায়নি।
 
ইত্তেফাক/ইউবি