ময়মনসিংহের মুক্তাগাছায় পুত্রদের বেধড়ক পিটুনি খেয়ে অপমানে, দুঃখে আর শরীরিক আঘাত পেয়ে এক পিতা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ প্রতিবেদন লেখার সময় পিতা আব্দুল বাতেনের (৬২) লাশ উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে।
রবিবার সকালে উপজেলার কাশিমপুর ইউনিয়নের আতরের মোড় এলাকায় নিজ বাড়িতে বিষপান করেন পেশায় কৃষক আব্দুল বাতেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল বাতেন সম্প্রতি তার স্ত্রীকে তালাক দেন। এতে ক্ষুব্ধ হন তার পুত্র মোঃ সারোয়ার ও মোঃ আনোয়া। এক পর্যায়ে দুই সহোদর মিলে চড়াও হয় বাতেনের ওপর। আজ রবিবার সকালে তারা বেধড়ক পেটায় বাতেনকে। অপমান, দুঃখ আর শরীরের আঘাত সইতে না পেয়ে বিষপান করেন বাতেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আলী আহমদ মোল্লা জানান, মৃতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ এবং অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
