নাগেশ্বরীতে ধানক্ষেতের আইল থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় এক দম্পতি শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নিয়েছেন।
এলাকাবাসী জানায়, উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের মন্নোয়ারপাড় সরেয়ারতল গ্রামের সফিকুল ইসলাম শনিবার সকাল ৭টায় তার ধানক্ষেত দেখতে যান। এ সময় তিনি জমির আইলে এক নবজাতক কন্যা শিশুকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে তিনি শিশুটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। বিষয়টি কালীগঞ্জ ইউপি কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান মতিয়ার রহমান ব্যাপারীকে জানান। তিনি শিশুটিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিতে বলেন। সেখানে চিকিৎসক দেখিয়ে রবিবার বিকেলে আশঙ্কামুক্ত জেনে শিশুটিকে বাড়ি নিয়ে আসেন সফিকুল ইসলাম। কোন দাবীদার না থাকায় পরে শিশুটিকে লালন পালন করার দায়িত্ব নিজের হাতে তুলে নেন।
শিশুটির উদ্ধারকারী সফিকুল ইসলাম ও তার স্ত্রী আঞ্জুয়ারা জানান, হয়তো সৃষ্টিকর্তা তাদের আশীর্বাদস্বরুপ এ শিশুটিকে দান করেছেন। শিশুটিকে নিয়ে তারা আবেগাপ্লুত। তারা শিশুটির নাম দিয়েছেন সুমাইয়া।
ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ব্যাপারী বলেন ইউএনও স্যারের সাথে কথা বলে উদ্ধারকারী সফিকুল ইসলামের আগ্রহে শিশুটিকে তাকে লালন-পালনের জন্য দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস বলেন, শুনেছি উদ্ধারকারী নবজাতক শিশুটিকে লালন পালন করতে চান।
ইত্তেফাক/নূহু
