চট্টগ্রামের বাঁশখালীতে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম রোকসানা আক্তার রোমানা (১৫)। সে উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। চাম্বল ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়নগর পাড়ার মৃত সিরাজ মিয়ার কন্যা।
শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়। রবিবার ভোরে তার লাশ উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ। পুলিশ জানায়, ওই ছাত্রীটির লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
কদিন আগে রোমানা এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে নাচ গানে অংশগ্রহণ করলে স্থানীয় কয়েকজন যুবক তার এই নাচ গানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছেড়ে দেয়। এলাকাবাসী তা নিয়ে সমালোচনা করলে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে জানান তার চাচা আব্দুচ ছাত্তার।
রোমানার ব্যাপারে চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান বলেন, রোকসানা আক্তার রোমানা মানবিক বিভাগের ছাত্রী। লেখাপড়ায় খারাপ ছিল না। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে নানা ধরনের তথ্য ও কথা উঠেছে বলে তিনি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন হিরা বলেন, এ ঘটনাটি পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হয়নি। আমরা গোপন সূত্রে খবর পেয়ে লাশ উদ্ধার করলেও পরিবারের লোকজনের মৃত্যু নিয়ে নানা ধরনের অসঙ্গতিপূর্ণ কথা বলছে। প্রকৃত তথ্য উদঘাটনের জন্য লাশ ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত তথ্য জানা যাবে। পরিবারের কেউ বাদী না হলে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/নূহু
