মুন্সীগঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী মকবুল হোসেন দেওয়ানকে (৪০) রবিবার সন্ত্রাসীরা অপহরণ করে টর্চার সেলে নিয়ে যায়। সেখানে নির্মমভাবে প্রহার করে। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে।
শারীরিক নির্যাতনে অসুস্থ মকবুল হোসেনকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চিহ্নিত মাদক বিক্রেতা মান্নান শেখ ওরফে মন্না (৩৫) ও মো. সুমনকে (৩০) আটক করেছে।
এই ঘটনায় মকবুলের বড় ভাই মনির হোসেন দেওয়ান বাদী হয়ে সন্ধ্যায় ৯ জনকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুর ১২টার দিকে শহরের নতুনগাঁও এলাকায় মাদক বিক্রেতা মন্নার নেতৃত্বে একদল সন্ত্রাসী ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা চালায়। পরে তাকে অপহরণ করে পেছনের নির্জন টর্চার সেলে নিয়ে লোহার রড দিয়ে বেধড়ক পেটায়। জমি লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় মকবুলকে নির্মাণাধীন একটি ভবনের সিড়ির নিচ থেকে উদ্ধার করে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, অপরাধীরা কেউ ছাড় পাবে না। পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। বাকীদেরও গ্রেফতারে অভিযান চলছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, এই ঘটনায় জড়িত বাকী আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
আন্তর্জাতিক সেবা সংগঠন মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের সেক্রেটারী ব্যবসায়ী মকবুল হোসেন দেওয়ান পঞ্চসার ইউপির নয়াগাঁও পশ্চিমপাড়ার জহিরউদ্দিন দেওয়ানের পুত্র।
গ্রেফতারকৃত মন্না নতুন গাঁও গ্রামের আব্দুল বারেক মুন্সীর পুত্র। অপর গ্রেফতারকৃত সুমন একই গ্রামের সালাউদ্দিন শেখের পুত্র।
ইত্তেফাক/নূহু
