মৌসুম শেষে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে বছরের শেষ দিন পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বার্সেলোনা এবং স্পেনের সাবেক কিংবদন্তী ফুটবলার জাভি হার্নান্দেজ। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার পর বর্তমানে মধ্য প্রাচ্যে কাতারের ক্লাব ফুটবল খেলছেন এ তারকা মিডফিল্ডার।
চলতি মৌসুম শেষ করেই হার্নান্দেজ ফুটবল ক্যারিয়ারের ইতি ঘটাবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু বিশ্বকাপ ও চারবারের চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ী এই সাবেক স্প্যানিশ তারকা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি শারিরিকভাবে যথেষ্ট ফিট অনুভব করছেন। তাই নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারকে আরো কিছুটা প্রলম্বিত করতে চান।
বর্তমানে কাতারের ফুটবল ক্লাব আল সাদ-এর হয়ে ময়দানি লড়াইয়ে থাকা ৩৮ বছর বয়সী এই ফুটবলার বলেন, ‘অন্তত আরো ছয় মাস আমার ক্যারিয়ারটি ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ কেন খেলা অব্যাহত রাখতে চান , এমন প্রশ্নের জবাবে জাভি বলেন, ‘কারণ এটি আমার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। হয়তো ডিসেম্বর পর্যন্ত আমি খেলা চালিয়ে যেতে পারব।’ এর আগে জাবি ঘোষণা দিয়েছিলেন এই মৌসুম শেষেই নিজের খেলোয়াড়ী জীবনের অবসান ঘটিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করবেন। তাই নতুন করে এই ঘোষণাটি ছিল অপ্রত্যাশিত।
স্পেনের হয়ে ১৩৩ টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া জাবি পরের মৌসুমে আল সাদ-এর হাল ধরবেন বলে ধারনা করা হচ্ছিল। সেই সঙ্গে ২০২২ সাল পর্যন্ত কাতার জাতীয় দলকে কোচিং করানোর কথা ছিল। যখন মধ্যপ্রাচের দেশটি আয়োজন করবে বিশ্বকাপ ফুটবল।
১৯৯৮ সালে কাতালানীয় জায়ান্ট বার্সেলোনায় অভিষেক ঘটে জাভির। দলটির হয়ে পাঁচ শতাধিক ম্যাচে অংশ নিয়ে তিনি জয় করেছেন আটটি লা লীগার শিরোপা। এদিকে কাতারে শেষ হয়ে গেছে বর্তমান লীগ মৌসুম। যেখানে রানার্সআপ হয়েছে আল সাদ। যদিও দু’টি কাপ ম্যাচ এখনো বাকী রয়েছে যেখানে সাদের হয়ে খেলবেন জাবি।
আগামীকাল সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর প্রথম লেগে সাদ মোকাবেলা করবে সৌদি আরবের ক্লাব আল আহলের। সপ্তাহের শেষভাগে কাতারের সর্ববৃহৎ ঘরোয়া টুর্নামেন্ট এমির কাপের সেমিফাইনালে অংশ নিবে জাবির কাতারি ক্লাব আল সাদ। বাসস।
ইত্তেফাক/রেজা
