পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের চলমান ৭২ ঘন্টার হরতাল প্রত্যাহার করা হয়েছে। মাইক্রোবাস চালক মোঃ সজিব হত্যাকারীদের গ্রেফতার এবং অপহৃত তিন বাঙালীকে উদ্ধারের দাবীতে এ হরতাল আহ্বান করা হয়েছিল। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সংগঠন দুটি আগামী ৬০ ঘন্টার হরতাল (আগামীকাল সোমবার ও মঙ্গলবার দু‘দিনের) স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে আজ রবিবার ভোর ৬টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল শান্তিপূর্নভাবে পালিত হয়। হরতালের কারণে রবিবার সকাল থেকে জেলার দূরপাল্লার অভ্যন্তরীন সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরের ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি।
উল্লেখ্য, রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে নিহত শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে গত শুক্রবার সকালে একই উপজেলার বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ৫ জন নিহত হন। তার মধ্যে মাইক্রোবাস চালক মোঃ সজীবও ছিলেন। এছাড়া গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার তিন বাসিন্দা কাঠ ব্যবসায়ী মোঃ সালাউদ্দীন, মহরম আলী ও গাড়ি চালক মোঃ বাহার মিয়া জেলার মহালছড়ির মাইসছড়ি থেকে নিখোঁজ হন। ১৯ দিন পরও তারা উদ্বার হয়নি।
জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তরা জানান, হরতাল চলাকালীন পুরো জেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু
