ফকিরহাটে বাস খাদে পড়ে চালক নিহত, আহত ৩২

আপডেট : ০৭ মে ২০১৮, ১৪:২৩
বাগেরহাটের ফকিরহাট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মো. রইস মোল্লা (৪০) নিহত হয়েছেন। এসময় নারী-শিশুসহ অন্তত ৩২ যাত্রী আহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মো. রইস মোল্লা গোপালগঞ্জের চরগোবরা এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে। স্থানীয়দের সহায়তায় হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুমেক হাসপাতালে পাঠিয়েছে।
 
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান, খুলনা-ঢাকা মহাসড়কে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান। এসময় গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে নারী-শিশু সহ প্রায় ৩২ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এসএস