কিশোরগঞ্জ-টেংগনমারী সড়কে জলাবদ্ধতা, পথচারীদের দুর্ভোগ

আপডেট : ০৭ মে ২০১৮, ১৫:৫৬
নীলফামারীর কিশোরগঞ্জ-টেংগনমারী সড়কে প্রায় ৩শ মিটার জলাবদ্ধতায় দুর্ভোগের স্বীকার হচ্ছেন পথচারী। পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় দীর্ঘ পাঁচ বছর ধরে চরম  এ ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী।
 
বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, কিশোরগঞ্জ থেকে রংপুর যাতায়াতের একমাত্র সড়কটিটতে বড় বড় অসংখ্য গর্ত। পানিতে ডুবে থাকা ওসব গর্ত দেখতে না পেয়ে অটোযাত্রী, ভ্যান, মাইক্রোবাসসহ বিভিন্ন গাড়ীর যাত্রীরা গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে। এ ছাড়াও স্কুল কলেজে যাতায়াতের সময় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সড়কের হাঁটু পরিমাণ পানি পার হতে গিয়ে পড়নের জামা কাপড়সহ বইপত্র ভিজিয়ে ফেলছে।
 
খুটামাড়া গ্রামের কৃষক ও টেংগনমারী বাজারে আসা পথচারী খলিল মিয়া ও শিক্ষক শরিফুল ইসলাম বাবু বলেন, রাস্তার দুইধারে ড্রেন নির্মান না করার কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টি হোক বা না হোক এ জায়গাটুকুতে পানি থাকবেই। 
 
টেংগনমারী বাজারের মা কৃষি ঘরের মালিক মশিউর রহমান বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটু পরিমাণ পানি জমে। র্দীঘ পাঁচ বছর আগে সড়কটি নির্মাণের সময় সড়ক নির্মানের ঠিকাদারকে বলেছিলাম এই জায়গাটুকুতে পানি জমে থাকে। সড়কে পানি নিষ্কাশনের ব্যাবস্থা করতে ঠিকাদারকে বললে তিনি বলেছিলেন পানি বের করার দায়িত্ব আমাদের নয়।
 
এ ব্যাপারে জানতে চাইলে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ শামীম বলেন, আমি সড়কের ওই অংশটুকু সংস্কার করার জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে অনেকবার জানিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। 
 
নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান বলেন, আমি এইমাত্র সড়কটির ওই অংশটুকু পরিদর্শন করে অফিসে এলাম। ওই জায়গায় সড়কের দুই পার্শ্বে এলাকাবাসী দোকান নির্মাণ করার কারনে পানি বের হতে পারে না। ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
 
ইত্তেফাক/নূহু