বখাটেরা স্কুল ছাত্রী ছোটবোনকে (১৩) উত্ত্যক্ত করছিল। তাদের বাঁধা দিতে আসেন মেয়েটির বড় ভাই দেলোয়ার হোসেন (২৮)। তখন তাকে মারধর করে আহত করেছে বখাটে আইয়ুব নবী (২৫) ও তাঁর সহযোগীরা।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের চড়াকোণা গ্রামে শনিবার বিকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আইয়ুব ওই গ্রামের মোঃ কালামের ছেলে।
এ ঘটনায় শনিবার দিবাগত রাতে গৌরীপুর থানায় অভিযোগ দেয়া হলেও রবিবার বিকাল পর্যন্ত অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত হয়নি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উত্ত্যক্তের শিকার ওই স্কুলছাত্রী দেলোয়ারের আপন চাচাতো বোন। সে উপজেলার এম আর করিম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে আসা যাওযার পথে তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতো বখাটে আইয়ুব। এ ঘটনায় দেলোয়ার কদিন আগে বাঁধা দিলে আইয়ুব তাকে হুমকি দেয়।
গত শনিবার দেলোয়ার ধান মাড়াইকল নিয়ে চড়াকোণা গ্রামে যায়। এ সময় বখাটে আইয়ুব ও তাঁর সহযোগী মোঃ আলিম, জায়দুল ইসলাম ও ইমান আলী হামলা চালিয়ে মাড়াইকল ভাঙচুর করে দেলোয়ারকে মারধর করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। ঘটনার পর থেকে দেলোয়ার ও তাঁর সহযোগীরা পলাতক রয়েছে।
মারধরের শিকার দেলোয়ার বলেন, গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করার কারণে গত এপ্রিল মাসের ২৪ তারিখ বখাটে আইয়ুবকে গনপিটুনি দেয় গ্রামবাসী। কিন্তু এরপরেও সে মেয়েদের উত্ত্যক্ত করা বন্ধ করেনি। এখন সে আমার বোনকেও উত্ত্যক্ত করে। আমি বাঁধা দেয়ায় সে তার দলবল নিয়ে আমার মাড়াইকল ভঙচুর করে আমাকেও মারধর করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহমদ বলেন, আইয়ুবসহ চার বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ এসেছে। পুলিশ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
ইত্তেফাক/নূহু
