ভোলার চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অশ্বিনী মাস্টার বাড়ির লিটন সরকারের স্ত্রী সিলেমা রানী দাস তার সাত বছরের মেয়ে লোপা সরকারসহ নিখোঁজ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর বড় ভাই সুলভ চন্দ্র দাস গতকাল রবিবার চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি করেছেন। চরফ্যাশন থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ গৃহবধূর স্বামী লিটন সরকার জানান, গত শনিবার সকালে মেয়ে লোপা সরকারকে নিয়ে পৌরসভার সাগরি সিনেমা হল এলাকার রোজ বার্ড কিন্ডার গার্ডেনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সিলেমা রানী দাস। লোপা ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। স্কুল ছুটির পর বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনদের কাছে অনুসন্ধানে বিফল হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।
রোজবার্ড কিন্ডার গার্ডেনের সহকারী শিক্ষিকা এবং সিলেমা রাণী দাসের আত্মীয় সীমা সরকার জানান, ওই দিন সিলেমা রানী দাস এবং তার মেয়ে লোপা সরকার স্কুলে আসেনি।
চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক জানান, রহস্যজনকভাবে নিখোঁজ সিলেমা রাণী দাস ও তার মেয়ে লোপাকে উদ্ধারে গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।
ইত্তেফাক/এসএস
