লক্ষ্মীপুরে ট্রাকচাপায় স্বামী নিহত, স্ত্রী আহত

আপডেট : ০৭ মে ২০১৮, ১৯:৩৮
লক্ষ্মীপুরে ট্রাক চাপায় শাহজাহান (৪২) নামের এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী যমুনা বেগম (৩৫) গুরুতর আহত হন। সোমবার দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাটের হাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান চাঁদপুর জেলার মতলব উপজেলার সমশের আলীর ছেলে।
 
পুলিশ জানায়, সকালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা স্বামী-স্ত্রী মজুচৌধুরীর হাট থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। এ সময় পথে একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
 
হাসপাতালে তাদের অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক শাহজাহানকে নোয়াখালী হাসপাতালে স্থানান্তর করেন। নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে শাহজাহান মারা যান। শাহজাহানের আহত স্ত্রী যমুনা  বেগম সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
 
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/নূহু