কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার প্রহারে মারাত্মক জখম হয়ে হাসপাতালে চারদিন চিকিত্সাধীন থাকার পর গতকাল বুধবার সকালে মারা গেছেন চাচা শাহজাহান গাজী (৪৮)। তিনি মেরুয়া গ্রামের মৃত আঃ গফুর গাজীর ছেলে।
জানা যায়, গত শনিবার সকালে কড়িহাতা ইউনিয়নের মেরুয়া গ্রামের শাহজাহানের সাথে তার সহোদর ভাই তাজউদ্দিনের ছেলে দেলোয়ার ও মোজাম্মেলের জমির সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ভাতিজারা ও তাদের পক্ষের লোকজন লোহার রড দিয়ে চাচার মাথা ও শরীরের নানা জায়গায় এলোপাতারিভাবে আঘাত করে। এ সময় শাহজাহানের কান ও নাক দিয়ে রক্ত বের হয় এবং বমি করে তিনি জ্ঞান হারান। খবর পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিত্সক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, এ ব্যাপারে গত শনিবারই শাহজাহানের ছেলে শামীম বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
