লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরগোসাই গ্রামে আজ মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে মমতাজ বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মমতাজ ওই গ্রামের দেলন হাজী বাড়ির মো. মহিউদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. নোমান জানান, গত ২-৩ দিন আগে ঝড়ে গাছের ঢাল ভেঙে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি তার বিচ্ছিন্ন হয়ে বাড়ির পাশের রাস্তায় পড়ে থাকে। অসাবধানতাবসত ওই তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মমতাজের মৃত্যু হয়।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গত রবিবার রাতে এবং গতকাল সোমবার সকালে প্রচণ্ড ঝড়ে ওই এলাকাসহ পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ কয়েক ঘণ্টা বন্ধ ছিল। ঝড়ে গাছের ঢাল ভেঙে খুঁটি থেকে কোন তার বিচ্ছিন্ন হয়ে পড়ে ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
