ঝিনাইদহের মহেশপুরে কালবৈশাখীতে উঠতি বোরো ধান, কাঁচা ঘরবাড়ি, গরুর ফার্ম, বৈদ্যুতিক লাইনসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
গত এক সপ্তাহে দুই দফা কালবৈশাখী হানা দেয় এ উপজেলায়। এতে শ্যামকুড়, কাজীরবেড়, এসবিকে ও আজমপুর ইউনিয়নে গাছপালা ও কাঁচা ঘরবাড়ি ভেঙে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। সরকারের পক্ষ থেকে বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা, ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ২২ বান্ডিল ঢেউটিন ও ৬৬ হাজার টাকা তাৎক্ষনিক সাহায্য দেওয়া হয়েছে। যা ক্ষয়ক্ষতির তুলনায় সামান্য। উপজেলার জেলেপোতা গ্রামের বিসমিল্লাহ এগ্রো গরু ফার্মে ব্যাপক ক্ষতি হয়।
ফার্মের মালিক ইনজামাম জানান, ঝড়ের তাণ্ডবে ফার্মের টিনের চাল উড়ে যায় এবং দালানের ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ভিতরে সিসি ক্যামেরা, ফ্যান লাইট, ঘাস কাটা মেশিন নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় এলাকার দুষ্কৃতকারীরা ফার্মের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ধরনের অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলার কৃষি অফিস ও পি.আই.ও অফিস জানায়, ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য তারা জরিপ কাজ চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরী সাহায্য কামনা করেছে।
ইত্তেফাক/নূহু
