ছেলে নেশায় অভ্যস্ত। ছেলেকে টাকা না দিলে সংসারে অশান্তি। সংসারের বিভিন্ন জিনিসপত্র চুরি অথবা কোন কিছু অন্যের কাছে বন্ধক রেখে মাদক সেবন করে সে। কলেজ পড়ুয়া ছাত্র এমন ভয়াবহ নেশার পথে যাবে তা আশা করেননি কৃষির ওপর নির্ভশীল পিতা-মাতা। অসহায় এ পিতামাতা বাস করেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে উপজেলার রামরামসেন গ্রামে। তাদের মাদকাসক্ত সন্তানের নাম মন্তাজুর রহমান।
গত রোববার রাতে নেশার টাকা না দেয়ায় নিজ বাবা ও মাতাকে খুন করতে গিয়েছিল মন্তাজুর। পরে নেশাগ্রস্ত ওই যুবককে এলাকাবাসী আটক করে। পরে পুলিশে সোপর্দ করে সে রাতেই মামলা করেন মন্তাজুরের মা। সোমবার পুলিশ মাদকাসক্ত ওই যুবককে জেল হাজতে প্রেরণ করেছে।
নেশাগ্রস্থ যুবকের স্বজন নুর আলম মিয়া জানান, মনতাজুর নাগেশ্বরী ডিগ্রী কলেজে বি.এ দ্বিতীয় বর্ষের ছাত্র। নেশার কারণে চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারলে সে বাড়ির থালাবাসনসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করত। এরমধ্যে শুরু হয় সংসারের ধান চাল ও গরুসহ বিভিন্ন মালামাল বিক্রি করে মাদক সেবন। এ নিয়ে দফায় দফায় সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এলাকাবাসী ও স্বজনরা মাদক সেবন না করার জন্য চাপ দেয় মনতাজুরকে। এভাবে বেপরোয়া হয়ে উঠে মনতাজুর।
গত রবিবার ২৫ হাজার টাকা দাবী করে সে বাবা মার কাছে। টাকা না দেওয়ায় দা দিয়ে কুপিয়ে বৃদ্ধ বাবা-মাকে হত্যা করার চেষ্টা করে। বৃদ্ধ বাবা-মার আর্তচিৎকারে স্থানীয়রা জড়ো হলেও জনতাকেও হত্যা করতে রুখে ওঠে সে। পরে সবাই একত্রিত হয়ে নেশাগ্রস্ত মনতাজুর রহমানকে আটক করে। ঘরের সিঁড়িতে বেঁধে রেখে পুলিশকে খরব দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নেশাগ্রস্ত ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ইত্তেফাক/নূহু
