পা দিয়ে লিখে এসএসসি পাশ করলো সুমন

আপডেট : ০৮ মে ২০১৮, ১৭:৫৪
পা দিয়ে লিখে এসএসসি পাশ করলো অদম্য শিক্ষার্থী মো. ওমর ফারুক সুমন। বগুড়ার শেরপুর ডিজে হাইস্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সুমন।
 
অন্য সবার মত চলাফেরা কথাবার্তা বলতে পারলেও জন্মগতভাবে সুমনের দুটো হাত নেই। এরপরও মনের জোরের কমতি হয়িন ওমর ফারুক সুমনের। তাই তো এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে খাতায় উত্তর লিখেছে পা দিয়ে। এমনকি পরীক্ষায় পাসও করেছে জিপিএ-৩.৬১ গ্রেড নিয়ে। তার স্বপ্ন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি কর্মকর্তা হওয়া।পড়াশোনার দৌঁড়ে অন্যদের তুলনায় কম না হলেও এই স্বপ্ন জয়ে তার বড় বাঁধা দারিদ্র্য।
 
শেরপুর পৌরশহরের উত্তর সাহাপাড়ার বাসিন্দা ওমর ফারুকের বাবা মজিবর রহমান পেশায় একজন ডেকোরেটর শ্রমিক। মা ফাতেমা বেগম গৃহিনী। মা-বাবা, দুই ভাই ও দুই বোন নিয়ে তাদের সংসার। এরমধ্যে ওমর ফারুক সুমন সবার ছোট। দুই বোনের বিয়ে হয়েছে। আরেক ভাই ক্ষুদ্র ব্যবসা করে। বাবার সামান্য আয়ে চলে সংসার ও সুমনের লেখাপড়া।
 
ওমর ফারুক সুমন জানান, অভাবের সংসার হলেও মা-বাবা তাকে কখনও লেখাপড়া করা থেকে বিরত থাকতে বলেননি। সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন তারা তার পেছনে ব্যয় করেন। 
 
ফারুক বলেন, 'আমি কলেজে ভর্তি হবো, এরপর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি কর্মকর্তা হয়ে বাবা-মার দুঃখকষ্ট দূর করবো।
 
শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব বলেন, আমাদের বিশ্বাস ছিল ওমর ফারুক সুমন পাশ করবে। অনেক কষ্ট করে সে লেখাপড়া করছে। তার অদম্য ইচ্ছাই তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।
 
ইত্তেফাক/নূহু