আড়াইহাজারে একটি স্পিনিং মিলের এক শ্রমিককে পরিত্যক্ত ইটাভাটায় আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার রাতে ধর্ষণের শিকার নারী নিজে বাদী হয়ে ধর্ষক আল-আমিনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বিনাইরচর ছাবেদ আলী স্পিনিং মিলের ওই নারী শ্রমিক গত শনিবার প্রতিদিনের মত রাত্রীকালীন শিফটিং কাজে যাওয়ার জন্য আড়াইহাজার সাথী সিনেমা হলের সামনে প্রতিষ্ঠানের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মাধবদী থানার চৌঘরিয়া গ্রামের আফাজউদ্দীনের ছেলে আল আমিন তাকে জোরপূর্বক রিকশায় তুলে বাঘানাগর খোরশেদ হাজীর পরিত্যক্ত ইট ভাটায় নিয়ে যায়। সেখানে একটি পরিত্যক্ত কক্ষে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।
রবিবার রাত একটার দিকে পথচারীরা ওই নারীর আর্তচিৎকার শুনে ইটভাটায় এগিয়ে গেলে ধর্ষক আল-আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
সোমবার রাতে এ ব্যপারে আল-আমিনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। থানার ওসি এম এ হক জানান, মামলার আসামি আল-আমিককে গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।
ইত্তেফাক/নূহু
