গৌরনদীতে মাদকসেবী স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

আপডেট : ০৮ মে ২০১৮, ১৭:৪৭
বরিশালের গৌরনদীতে মাদকসেবী স্বামীর নির্যাতনে এক সন্তানের জননী নাদিয়া বেগম (২০) নিহত হয়েছেন। উপজেলার গেরাকুল মহল্লায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত নাদিয়ার স্বামী জাহিদুর রহমান মৃধা ওই মহল্লার বাসিন্দা মৃত সেলিম মৃধার পুত্র ও আশোকাঠির নিউসেবা প্যাথলজির কর্মচারী।
 
পুলিশ মঙ্গলবার সকালে উপজেলা হাসপাতাল থেকে নিহত নাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত গৃহবধু নাদিয়া পাশ্ববর্তী কালকিনি উপজেলার চরপালরদী গ্রামের কবির আকনের কন্যা।
 
নিহতের মা আলেয়া বেগম জানান, তার মেয়ের স্বামী মাদকসেবী জাহিদুর রহমান মৃধা মাদক সেবন করে প্রায়ই তার কন্যা নাদিয়াকে মারধর করতো। সোমবার রাতে সে নাদিয়াকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরবর্তীতে নাদিয়ার লাশ হাসপাতালে রেখে আত্মহত্যার কথা রটিয়ে দিয়ে জাহিদুর আত্মগোপন করে।
 
গৌরনদী মডেল থানার এসআই মোঃ ইকবাল কবির বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।
 
ইত্তেফাক/নূহু