হাটহাজারীতে এক নির্মান শ্রমিককে হত্যার দায়ে আরেক নির্মান শ্রমিককে আটক করেছে মডেল থানা পুলিশ। আটক শ্রমিকের নাম সোহেল ইসলাম (২২)। স্থানীয়দের সহায়তায় তাকে ৭ মে সোমবার সকালের দিকে ১নং রেল গেইটের কারিগর পাড়াস্থ নুর ইসলামের ভাড়া বাসা থেকে আটক করা হয়।
থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের কুলাল পাড়ায় ৬ মে রবিবার বিকাল আনুমানিক পাঁচটার দিকে একটি ভবনে নির্মান শ্রমিকেরা কাজ করছিল। এ সময় একই ইউপির ৫ নং ওয়ার্ডের শামসুর বাড়ীর মৃত ফয়েজ আহমদের পুত্র নির্মান শ্রমিক আলী আকবরের(৩৫) সাথে চাপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার আবদুর শুক্কুরের পুত্র নির্মান শ্রমিক সোহেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল আলী আকবরকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে কাঠের আঘাতে গুরুতর আহত আলী আকবরকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই রাত আনুমানিক নয়টার দিকে আলী আকবর মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ঘটনায় নিহতের পরিবার ভবনের মালিক সবুজ রুদ্রসহ তিনজনকে আসামি করে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত সোহেল ও রাব্বুলকে সাত মে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
