মাদকের বিরোধেই খুন

আপডেট : ০৮ মে ২০১৮, ১৯:৪৯
বগুড়ার শিবগঞ্জের পল্লীতে ধানক্ষেতে পাওয়া গলাকাটা ৪টি লাশের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কাঠগাড়া চকপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে সাহাবুল ইসলাম সাবুল (৩০)। একই গ্রামের জহিরুল ইসলামের ছেলে জাকারিয়া (৩২) এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচপাইকা চেয়ারম্যান পাড়ার আজার ম-লের ছেলে হেলাল (২৯)। কালাই উপজেলার নান্দাইল গ্রামের সামসুদ্দির ছেলে খবির উদ্দিন (৩৫)। গত সোমবার ওই ৪টি লাশ পাওয়া যায়।
 
মঙ্গলবার সকালে নিহতদের স্বজনরা হাসপাতাল মর্গে গিয়ে তাদের সনাক্ত করেন। গতকাল বিকেলে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার করতে পারেনি। নিহত চারজনের পরিবারের পক্ষ থেকে কোন মামলাও দায়ের করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহমূলকভাবে পুলিশ ৬ জনকে আটক করেছে। কিন্তু তদন্তের স্বার্থে তাদের নাম জানায়নি।
 
সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ডাবুইর গ্রাম সংলগ্ন ধানক্ষেতে চার ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
 
লাশ উদ্ধারের সময় নিহতদের প্যান্টের পকেট এবং লুঙ্গি থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও  বেশ কিছু গাঁজার পুরিয়া পাওয়া যায়। তাছাড়া চার জনের স্বজনরা স্বীকার করেছেন যে তারা মাদকাসক্ত ছিল। যে কারণে পুলিশের ধারণা মাদক নিয়ে কোন বিরোধের জেরেই তাদের খুন করা হতে পারে।
 
ইত্তেফাক/নূহু