চলতি মৌসুম শেষেই আর্সেনাল থেকে তল্পিতল্পা গুটানোর প্রস্তুতি নিচ্ছেন ক্লাবটির কোচ হিসেবে দীর্ঘ ২২ বছর কাটানো আর্সেন ওয়েঙ্গার। তবে এরই মধ্যে বিভিন্ন ক্লাবের কাছ থেকে কোচের চাকরির জন্য প্রস্তাব পেতে শুরু করেছেন এই ফ্রেঞ্চ কোচ। সেটাকে তিনি বলেছেন ‘প্রত্যাশার চেয়ে বেশি।’
বর্তমান চুক্তি মোতাবেক আরো এক বছর হাতে থাকলেও গত মাসে ওয়েঙ্গার নিশ্চিত করেছিলেন আর্সেনালের সঙ্গে সুদীর্ঘ ২২ বছরের সম্পর্কের ইতি ঘটাতে যাচ্ছেন। চলতি মৌসুম শেষেই তিনি আর্সেনাল ছেড়ে যাবার ঘোষণা দেন। সমর্থকদের রুদ্রমর্তি ধারণের চেয়ে সিদ্ধান্তটি নেয়ার কারণ হিসেবে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন নিজের শারিরীক ও মানষিক অবস্থাকে। আর্সেনাল ছাড়ার পর তিনি নতুন করে এই দায়িত্ব পালনের আকাঙ্ক্ষার কথাও জানিয়ে দেন।
সে লক্ষ্যে প্রাথমিকভাবে তিনি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ফ্রান্সের কোথাও কাজের সন্ধানে যোগাযোগ শুরু করেন। সুনির্দিষ্টভাবে কোথা থেকে তাকে প্রস্তাব দেয়া হয়েছে সেটি না জানিয়ে নতুন চাকরির জন্য বিভিন্ন মহল থেকে প্রস্তাব আসার বিষয়টি উল্লেখ করেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কোচের দায়িত্ব নেয়ার জন্য কোন প্রস্তাব পেয়েছেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে জবাবে ওয়েঙ্গার বলেন, ‘হ্যা। সেটি প্রত্যাশার চেয়েও বেশি। তবে এই মুহূর্তে আমি বর্তমান দায়িত্বটুকু ভালোভাবে পালন করার চেষ্টা করছি। পরবর্তী কাজ নিয়ে এখনো আমি কোন প্রকার বিচার বিশ্লেষণে যাইনি। বর্তমান চুক্তি শেষ মুহূর্ত পর্যন্ত আমি ভালোভাবে পালন করে যেতে চাই। এরপর আমি কিছুটা সময় বিশ্রাম নেব। তারপর সামনের দিকে তাকাব। আমার মস্তিস্ক এখনো সক্রিয় তাই কাজ খুঁজে বেড়াচ্ছে।’
তবে ইংলিশ কোন ক্লাবে কাজ করার ইচ্ছে নেই ওয়েঙ্গারের। তিনি বলেন, ‘এই মুহূর্তে ইংলিশ কোন ক্লাবে কাজ করাটা আমার জন্য কঠিন হবে। তাই সেই দিকে এখন জোর দিচ্ছি না। বরং এখন আমি আমার সংবাদ সম্মেলনে শেষ করতে চাই আর্সেনালের সহ-সভাপতি ডেভিড ডিয়েনকে মনে করে। কারণ তিনিই আমাকে এখানে নিয়ে এসেছিলেন। প্রিমিয়ার লিগ নিয়ে তার বিশেষ একটি লক্ষ্য ছিল। এখানে যখন কেউ আমাকে চিনতেন না, তখন তিনি আমার মত একজন বিদেশিকে নিয়ে এসে সুযোগ করে দিয়েছিলেন। তিনি আমার কাছ থেকে স্পেশাল একটি ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন। কারণ তিনি একজন স্পেশাল মানুষ।’
ইত্তেফাক/কেআই
