টাঙ্গাইলের পৌরমেয়রসহ দুইজনের নামে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ০৯ মে ২০১৮, ১১:৫৫
টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও কাদের সিদ্দিকী ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া মঙ্গলবার এ আদেশ দেন। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পি হত্যা মামলার আসামি তারা।
 
মেয়র জামিলুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আজাদ সিদ্দিকী সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। তিনি তার ভাই কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
 
জানা যায়, জামিলুর রহমান মিরন ও আজাদ সিদ্দিকী উভয়েই টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পি হত্যা মামলার আসামি। দুজনেই এ মামলায় জামিনে আছেন। সোমবার এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা এমপি রানাকে আদালতে হাজির করা হলেও  মিরন ও আজাদ হাজির হননি। এর আগেও তারা কয়েক তারিখ আদালতে হাজির না থাকায় বিচারক আবুল মনসুর মিয়া জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
 
উল্লেখ্য, ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় বাপ্পী টাঙ্গাইল শহরের কলেজপাড়ার নিজ বাসা থেকে তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর তার বাসার অদূরে দুর্বৃত্তরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। ওই সময় বাপ্পীর সাথে থাকা মতিন নামে এক ব্যক্তিকেও একইভাবে হত্যা করা হয়। ঘটনার দুইদিন পর ২৩ নভেম্বর বাপ্পীর বাবা আতাউর রহমান খান বাদী হয়ে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করেন।
 
মামলায় কাদের সিদ্দিকীর ছোট ভাই মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী, জামিলুর রহমান মিরন, জেলা বিএনপি নেতা আলী ইমাম তপন, পৌর কমিশনার রুমি চৌধুরী এবং ছাত্রদল নেতা আবদুর রৌফসহ ২০জনকে আসামি করা হয়। মামলাটি পরে ডিবিতে স্থানান্তর করা হয়। সর্বশেষ সিআইডি কর্মকর্তা খোরশেদ আলম তদন্ত শেষে ২০০৭ সালের ১২ জুলাই ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
 
ইত্তেফাক/আরকেজি