নৌকায় চড়ে বরগুনা থেকে ঢাকায় আগমন

চার ঘণ্টা অপেক্ষা করেও প্রধানমন্ত্রীর সাক্ষাত্ পাননি কবির

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০০:৪৭

গণভবনের দুই নম্বর গেটে চার ঘণ্টা অপেক্ষা করেও আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত্ পাননি সড়ক পথে বরগুনা থেকে নৌকায় চড়ে ঢাকায় আসা হুমায়ুন কবির। তিনি বরগুনা জেলা যুবলীগের সহ-সভাপতি ও বরগুনা পৌরসভার সাবেক কমিশনার। অনেকটা আক্ষেপ করে গতকাল বুধবার ইত্তেফাককে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর কথা অনুযায়ী গত মঙ্গলবার সন্ধ্যা ৬ থেকে গণভবনের দুই নম্বর গেটে অবস্থান করছিলাম। রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করেও প্রধানমন্ত্রীর সাক্ষাত্ পাইনি। পরে রাতে লিকুর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করি। এ সময় লিকু বলেন, মোবাইল নম্বর দিয়ে যেতে, যেদিন পারবে জানাবে। হুমায়ুন কবির বলেন, আমি অসুস্থ হয়ে পড়েছি। ব্লাড প্রেসার বেড়েছে, দাঁতে প্রচণ্ড ব্যথা। গতকাল রুটি-কলা খেয়ে দিন অতিবাহিত করেন কবির। প্রধানমন্ত্রীর সাক্ষাত্ না পাওয়া পর্যন্ত তিনি বরগুনায় ফিরে যাবেন না। তবে নিরাপত্তাহীনতায়ও ভুগছেন কবির।