দৌলতপুরে বজ্রপাতে ছাত্র, কৃষকসহ ২জন নিহত

আপডেট : ০৯ মে ২০১৮, ১৭:১৪
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আজ বুধবার বজ্রপাতে ছাত্র, কৃষকসহ ২জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯ ছাত্র।
 
উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান মানিক জানান, দুপুরে টিফিনের সময়ে ছাত্ররা বিদ্যালয়ের পাশে টিফিন খাচ্ছিল এমন সময়ে বজ্রপাত হয়। তাতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয় এবং ৯ ছাত্র গুরুতর আহত হয়। আহতদেরকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বজ্রপাতে নিহত ৬ষ্ঠ শ্রেণির ছাত্র উপজেলার তালুকনগর গ্রামের মো. শহীদুলের ছেলে মো. আশরাফুল ইসলাম অন্তর (১১)। অপরদিকে নিহত কৃষক উপজেলার বাচামারা ইউনিয়নের কৈল হাসাদিয়া গ্রামের মৃত হাফেজ শেখের ছেলে ইয়াকুব আলী শেখ (৫০)।
 
বাচামারা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম জানান, নিহত ইয়াকুব আলী শেখ সকালে ধানক্ষেতে পানি দিয়ে বাড়ি ফেরার সময়ে বজ্রপাতে তিনি নিহত হন।
 
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে বজ্রপাতে নিহত দুই পরিবারকে তাৎক্ষনিক ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/নূহু